শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে আমিনপুর থানার উদ্যোগে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় আমিনপুর থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা’র সভাপতিত্বে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও বেড়া সার্কেল অফিসার মো. আবুল কালাম আজাদ।
প্রস্তুতিমূলক সভায় আমিনপুর থানার আওতাধীন ৪৯টি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাসহ সন্ত্রাস, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রতিরোধে বিশেষ কৌশল গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও দুর্গাপূজা চলাকালে সার্বক্ষণিক টহল, সিসিটিভি মনিটরিং এবং স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়। পূজা উদযাপনকালে যে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ, র্যাব, আনসারসহ সব বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলে জানান আমিনপুর থানা পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের সভাপতি, সেক্রেটারি, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বক্তারা বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার”—আসন্ন দুর্গোৎসব সুষ্ঠ ও সুন্দর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।