নিউজ ডেস্ক: পাবনার বেড়ায় সেপটি ট্যাংকির শাটার খুলতে গিয়ে ২ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে বেড়া পৌর মহল্লার দক্ষিণপাড়া এলাকার তাহের উদ্দিনের বাড়িতে। কিছুদিন আগে তাহেরের বাড়িতে সেপটি টাংকি নির্মাণ করা হয়েছিল। সেই সেপটি ট্যাংকির নির্মাণ সামগ্রী অপসারণ করতে নেমে আবদ্ধ বিষাক্ত গ্যাসে ঘটনা স্থলে ২জন শ্রমিক অজ্ঞান হয়ে পড়ে। টাংকির উপরে থাকা শ্রমিকেরা ভিতরে নামা শ্রমিকদের সাড়া শব্দ না পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদেরকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন বেড়া পৌর সদরের হাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিব (৩৩) এবং আব্দুল গফুরের ছেলে মুস্তাকিন (২১)।
এছাড়াও এ ঘটনায় আরো একজন নির্মাণ শ্রমিক বৃশালিখা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম। গুরুত্বর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদরে পাঠিয়েছেন বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।