আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপ ২০২৬ ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে জমে উঠেছে চূড়ান্ত দিনের লড়াই। স্কটল্যান্ডের বিদায়ে তিন দলের দৌড়ে উত্তেজনার চূড়ায় পৌঁছেছে ইউরোপ কোয়ালিফায়ার। শীর্ষে ইতালি, চাপের মুখে জার্সি, আর সুযোগের অপেক্ষায় নেদারল্যান্ডস।
টি-২০ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে র্যাংকিংয়ে ১৩তম অবস্থানে থাকা স্কটল্যান্ডকে ১ উইকেটে হারিয়েছে জার্সি। এই জয়ে ভারত ও শ্রীলঙ্কায় আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে খেলার স্বপ্ন টিকে রইলো ২৭তম র্যাংকিংয়ে থাকা জার্সি।
শুক্রবার হেগের ভোরবার্গ ক্রিকেট স্টেডিয়ামে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। মাত্র ৪৩ রানে ৫ উইকেট হাড়ায় তারা। জার্সির হ্যারিসন কার্লিয়ন নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। তবে ম্যাথিউ ক্রস একপ্রান্তে অবিচল থেকে অপরাজিত ৪৩ রানে দলকে ১৩৩ রানে পৌঁছে দেন। নির্ধারিত ২০ ওভার শেষে স্কটল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৩৩ রান।
জবাবে ওপেনার নিক গ্রিনউডের ৩৬ বলে ৪৯ রানের ইনিংসে ১১.১ ওভারে স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৮১ রান। এরপরই জার্সির ইনিংসে ধস নামে। মাত্র ২৯ রানে আরও ৪ উইকেট হারায় তারা। ১৬.৪ ওভারে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১১০ রান।
এরপর ব্যাট হাতে নামেন বেঞ্জামিন ওয়ার্ড। শেষ ওভারে দরকার ছিল ৫ রান। দ্বিতীয় বলেই আউট হয়ে যান বেঞ্জামিন ওয়ার্ড। শেষ বলে জয়ের জন্য দরকার এক রান। উত্তেজনাকর সেই মুহূর্তে ডানফোর্ড এক রান নিলেই ম্যাচ জিতে নেয় তারা। এটি স্কটল্যান্ডের বিপক্ষে জার্সির প্রথম জয়।
এই হারে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গেছে স্কটল্যান্ড। তবে জার্সির স্বপ্ন এখনো টিকে আছে। কিন্তু তাদের তাকিয়ে থাকতে হবে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। ইতালি-নেদারল্যান্ডস ম্যাচের ফলের ওপর নির্ভর করছে তাদের বিশ্বকাপ ভাগ্য।
বর্তমান পরিস্থিতি:
ইতালি জয় পেলে ➤ ইতালি ও জার্সি কোয়ালিফাই করবে।
নেদারল্যান্ডস জয় পেলে ➤ নেদারল্যান্ডস এবং জার্সি বা ইতালি—নেট রান রেটে নির্ভর করবে।
ইতালির বড় ব্যবধানে হার ➤ জার্সির জন্য দরজা খুলবে।
ছোট ব্যবধানে হার বা ধীর রান তাড়া ➤ ইতালিরই অগ্রাধিকার।